চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে দুটি পৃথক মামলায় মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। আদালত ফটিকছড়ির জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় ডেভিড ইমনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তার পাঁচ সহযোগীরও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় ডেভিড ইমনের নাম উঠে এসেছে। বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এসব মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের আশা করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
