ভারতের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় এখনো আসেনি।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ভারতের পক্ষ থেকে পাওয়া আমন্ত্রণের বিষয়ে শামা ওবায়েদ ইসলাম জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর উদ্দেশে সপরিবারে ভারত সফরের একটি আমন্ত্রণপত্র পাঠান। পরবর্তীতে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্যও পৃথক একটি আমন্ত্রণ আসে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। তিনি কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে বিদেশ সফরে যাবেন, সেটি সময়ের সঙ্গে নির্ধারিত হবে।
ভারতের পাঠানো সর্বশেষ আমন্ত্রণটি ব্রিকসের সভাপতি হিসেবে দেওয়া হয়েছে, নাকি এটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ মুহূর্তে বিষয়টি আলোচনার বিষয় নয়।
