জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৪ আগস্ট) রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিকেল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা অংশ নেবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের স্মৃতি, এর তাৎপর্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করা হবে।
