রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে দর্শনার্থী এবং সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। একই সময়ে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ আগস্ট থেকে অতিথি বা দর্শনার্থীর পাশাপাশি বাইসাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ফেরদৌস রহমান বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিকেলে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত দর্শনার্থী ও সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রংপুর মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সামছুল ইসলাম জানান, ছাত্রশিবিরের কর্মসূচিতে হামলার প্রতিবাদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে বিকেল ৫টা ৪০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হবে। লালবাগ চত্বর থেকে মিছিল শুরু হয়ে আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন জানিয়েছেন, রংপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বিকেল চারটার দিকে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এদিকে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রংপুর মহানগরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
