জুলাই সনদ বাস্তবায়নসহ দেশের যেকোনো রাজনৈতিক সংকট সমাধানে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়েই এগোতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অপরিহার্য। তবে তাঁর অভিযোগ, বর্তমান বিরোধী দল আওয়ামী লীগের মতো বক্তব্য দিতে শুরু করেছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয়।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রে পরিবর্তনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে। তাই বিভাজন ও সংঘাতের পরিবর্তে পারস্পরিক আলোচনা ও রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান করা প্রয়োজন।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং সংসদে সংশ্লিষ্ট কমিটিও গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারগুলো আলোচনার ভিত্তিতেই বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ও পেশাগত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাইয়ের শহীদসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। তিনি বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে সক্ষম একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন সম্ভব হবে।
