বাসস,
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকায় পৌঁছেছে। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম রোববার দুপুরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।
বিমান কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় মেরামত, কারিগরি পরীক্ষা এবং নিরাপত্তা যাচাই শেষ করার পর শনিবার স্থানীয় সময় রাত ১১টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি আড়াই শতাধিক যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক সমস্যার কারণে উড়োজাহাজটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি সারাতে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়।
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শনিবার রাতে জানিয়েছিলেন, রোমে আটকে পড়া প্রায় ১০০ যাত্রীকে বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। অন্য যাত্রীদের জন্য বিমানবন্দরের লাউঞ্জে থাকার ব্যবস্থা করা হয়।
তিনি জানান, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের পাশাপাশি নারী ও শিশুদের বিশেষভাবে দেখভাল করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হয়। দীর্ঘ সময়ের এই বিঘ্নের সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত যাত্রীদের হোটেল, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।
