হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাবুনগর মাদরাসা আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, হেফাজত আমিরের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর দোয়া নেওয়াই এ সফরের অন্যতম উদ্দেশ্য। দেশ পরিচালনায় সবার পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এখানে আমার আসার প্রধান উদ্দেশ্য হলো হুজুরকে সালাম দেওয়া এবং তাঁর দোয়া নেওয়া। বর্তমান সরকার পরিচালনায় আপনারা হয়তো সরাসরি নেই, কিন্তু আপনারা আমাদের বড় সহযোগী হিসেবে আছেন। দেশ পরিচালনার দায়িত্ব শুধু আমাদের একার নয়, আপনাদেরও পরামর্শ ও দোয়া আমাদের প্রয়োজন।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের মাথা দেশ ছেড়ে পালিয়েছে সত্য, কিন্তু তাদের অনেক কিছু এখনো রয়ে গেছে।
গত জাতীয় নির্বাচনে হেফাজত আমিরের নির্দেশে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করায় তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আসুন আমরা সবাই মিলে এমনভাবে কাজ করি, যার বিনিময়ে দেশের সাধারণ মানুষ ভালো থাকতে পারে। আমরা চাই দেশটা সম্মানের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাক।’
নিজের দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যে ওয়াদা করেছিলাম, সেটি রক্ষা করতেই আজ আপনাদের মাঝে এসেছি। আমি যাওয়ার সময় হুজুরের দোয়া নিয়ে যেতে চাই, যাতে মানুষকে দেওয়া জবান আমি রক্ষা করতে পারি এবং দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি।’
এর আগে প্রধানমন্ত্রী বাবুনগর মাদরাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। পরে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।
মতবিনিময় সভা শেষে হেফাজত আমির প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং রাউজান আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসহ অন্যরা।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সরকার পরিচালনায় পরামর্শ ও সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরার পাশাপাশি দেশকে সামনে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
