নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা বন্ধ করতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
নিয়োগ বাণিজ্যের সমালোচনা করতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।’
দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বর্তমানে সব জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে।’
দেশের স্বার্থে প্রয়োজনে বারবার রাজপথে নামার কথাও জানান শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও স্বার্থের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি বলেন, ‘দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এই দেশে থাকা হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।’
জনসভায় জামায়াত আমির দেশের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি এসব সংস্কৃতি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
