বাসস
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।
গতকাল সোমবার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, অগ্নিকাণ্ডের পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলেছেন। এ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সোমবার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ১৬ বাংলাদেশি প্রাণ হারান। এ ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোক ও অনিশ্চয়তা।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যে সমন্বিতভাবে কাজ করছে।
