হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মধ্যস্থতা প্রক্রিয়ায় নতুন করে অচলাবস্থা দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।
সোমবার তেলের দাম এক দফায় প্রায় ৫ শতাংশ বাড়ার পর মঙ্গলবারও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮৮ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৮২ দশমিক ৪৫ ডলার।
গত ৩১ জুলাইয়ের পর ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের জন্যই এটি সর্বোচ্চ দাম।
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। দুই পক্ষের অবস্থানের এই পার্থক্যের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় চালুর প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এই জলপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও মূল্য নিয়ে উদ্বেগ বাড়ে। চলমান অচলাবস্থার প্রভাবই সর্বশেষ বাজারদর বৃদ্ধিতে প্রতিফলিত হয়েছে।
সূত্র: আল জাজিরা
