বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
১১ আগস্ট বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্টিফেন কার্পিন বলেন, ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশে কাজ করার বড় ধরনের সুযোগ রয়েছে। দেশটির ডিজিটাল অর্থনীতির বিকাশে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে ভিসা আগ্রহী।
যেসব ব্যাংক হিসাবধারী এখনো কার্ড ব্যবহারের আওতায় আসেননি, তাঁদের কার্ড ব্যবহারে উৎসাহিত করা এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর লক্ষ্যেও কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার কথা জানান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়েও ভিসার আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আরও সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশের ডিজিটাল ও সৃজনশীল অর্থনীতির বিকাশেও অবদান রাখতে চায় ভিসা। একই সঙ্গে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি আলোচনায় আসে।
বাংলাদেশে নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র অথবা বৈশ্বিক সেবা কেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির বিস্তারে বেসরকারি খাতের অংশগ্রহণকে স্বাগত জানান। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি শক্তিশালী করা, বিনিয়োগ বাড়ানো এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্বের ওপর তিনি জোর দেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
