পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানীসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই গোলাম রুহানীও রয়েছেন।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) ও বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি ও বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম এবং কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে।
বরখাস্ত বিপ্লব কুমার সরকার ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার। বর্তমানে তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
সুদীপ কুমার চক্রবর্তীও ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
মোহাম্মদ ইকবাল হোসাইন ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি। তিনি বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
কাজী আশরাফুল আজীম ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি। তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।
রাজন কুমার দাস কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
আর মো. গোলাম রুহানী ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি)। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই।
সরকারি আদেশে ছয় কর্মকর্তার চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হলেও প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি।
