জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি হবে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত–৪-এর বিচারক রবিউল আলম নতুন তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, জামিনে থাকা তিন আসামি বর্তমানে পৃথক মামলায় কারাগারে থাকলেও তাঁদের আজ আদালতে হাজির করা হয়নি। এ কারণে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করে নতুন তারিখ দেন বিচারক।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামের আরও দুজন আহত হন।
হোসেনের মৃত্যুর ঘটনায় তাঁর মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের নাম রয়েছে।
এ ছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকেও এ মামলার আসামি করা হয়েছে।
অভিযোগপত্রে মোট ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১ সেপ্টেম্বর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
