সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা হলে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন সমস্যা রয়েছে এবং সরকার সেগুলো সমাধানের চেষ্টা করছে। তবে এসব সমস্যাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বিভ্রান্তির মাধ্যমে দেশে অরাজকতা তৈরির প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণের জন্য দেশের আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারিত রয়েছে। সরকার হিসেবে এবং জনগণের নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবে এবং গণতান্ত্রিক নীতি ও নৈতিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ অংশ নেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির সমাপনী আয়োজন ছিল প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আলোচনা সভা।
