ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমতি বাধ্যতামূলক বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনীতি সুস্থ সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র এবং সেখানে সন্ত্রাসী বা মাস্তানতান্ত্রিক মানসিকতার মানুষের কোনো স্থান নেই।
শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ বা তাদের কোনো নেতাকর্মীকে জামায়াতে ইসলামীতে যুক্ত করার আগে কেন্দ্রীয় অনুমোদন নিতে হবে। তাঁর ভাষ্য, “তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করেনি। বরং এখনো হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। জনগণের কাছে নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তাঁরা বাগেরহাটের বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাগেরহাট থেকে নির্বাচিত তিনজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
