দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই আজ রোববার (২ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩১ জুলাই যে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছিল, সেই দামই বর্তমানে কার্যকর রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ভিত্তিতে মজুরি যোগ হবে। এছাড়া ভ্যাট বিক্রয়মূল্যের মধ্যেই অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে গত ২৮ জুলাই বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সে সময় ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। একই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।
