জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চারটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। অনুমোদনের জন্য উত্থাপিত প্রকল্পগুলোর বিপরীতে সরকারের নিজস্ব অর্থায়ন ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিতব্য একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের জন্য তোলা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করবেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অধীনে পাঁচটি প্রকল্প রয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত। এছাড়া ভৌত অবকাঠামো ও আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একটি করে সংশোধিত প্রকল্প এবং শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্পের মধ্যে একটি নতুন ও একটি সংশোধিত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা সুরক্ষা প্রকল্প। স্থানীয় সরকার বিভাগের আওতায় বৃহত্তর দিনাজপুর জেলার সমন্বিত উন্নয়ন প্রকল্প, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি এবং সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) প্রকল্পের প্রথম সংশোধনীও একনেকে উপস্থাপিত হবে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, বেগমগঞ্জ-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্পও আলোচনায় থাকবে।
বিদ্যুৎ বিভাগের সিলেট অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী এবং স্বাস্থ্যসেবা বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ ও জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার নতুন ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
একনেক সদস্যদের অবহিত করার উদ্দেশ্যে সভায় আরও ১১টি প্রকল্প তোলা হবে। এর মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, বরিশালের গৌরনদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙা-পাটগাতী-ঘোনাপাড়া সড়ক উন্নয়ন এবং ভূঞাপুর লিংক সড়ক নির্মাণ প্রকল্পের সংশোধিত প্রস্তাবও সদস্যদের অবহিত করার জন্য উপস্থাপন করা হবে।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের দুটি, শিল্প মন্ত্রণালয়ের একটি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও সভায় অবহিতকরণ তালিকায় রয়েছে।
