জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
একনেকে অনুমোদন পাওয়া মেট্রোরেল প্রকল্প তিনটি হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১-এর বিমানবন্দর–কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দানের হেমায়েতপুর–ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী–দাশেরকান্দি রুটে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।
একনেকের বৈঠকে ঢাকা–নারায়ণগঞ্জ–জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর প্রকল্পও অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সালে এই রুটে ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হতে পারে।
