সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর বসতবাড়ি লিখে নেওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া পারিবারিক বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘শিশির মনির মিডিয়া সেল’-এ সংসদ সদস্যকে উদ্দেশ করে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে শিশির মনির বলেন, সংসদ সদস্যের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা তিনি জানেন। তাঁর ভাষায়, ‘আমি জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক বা মানসিক অবস্থা আপনার নেই। তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।’
তিনি বলেন, বিষয়টি শুরুতে একান্ত পারিবারিক থাকলেও এখন আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। ঘটনাটি দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি।
দিরাই-শাল্লার বাসিন্দা হিসেবে নিজের অনুভূতির কথা তুলে ধরে শিশির মনির লিখেছেন, ‘যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে জানতে চায়। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এই বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা নয়। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা যারপরনাই উদ্বিগ্ন।’
অতীতে বহু মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখা একজন ব্যক্তি এখন নিজেই আলোচনার কেন্দ্রে চলে আসায় বিষয়টি আর না বাড়ানোর অনুরোধ করেন তিনি। পারিবারিকভাবে বিরোধের সমাধানের আহ্বান জানিয়ে চিঠির শেষে শিশির মনির লেখেন, ‘এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন—এই প্রত্যাশায়।’
অসুস্থতার সুযোগ নিয়ে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ঠেকিয়ে তাঁর বসতবাড়ির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে সোমবার (১০ আগস্ট) দিরাই আদালতে মামলা করা হয়।
মামলাটি করেন সংসদ সদস্যের স্ত্রী পারভীন আক্তার। এতে নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাইসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
মামলায় ওঠা এই অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই উদ্ভূত পরিস্থিতিতে সংসদ সদস্যের প্রতি খোলা চিঠি দিয়ে পারিবারিক বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার আহ্বান জানালেন শিশির মনির।
