জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকারও হয়তো ৮০-এর দশকের দিকে ফিরে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে চলমান একটি ট্রেন্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারও সেই ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।
বুধবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক—এটাই তাদের প্রত্যাশা। পুরো বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেন কোনোভাবেই পিছিয়ে না যায়, সেটিই সবার প্রত্যাশা।
সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, সরকারি চাকরির ভাইভায় ৪০০ শতাংশ নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভায় ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর রাখার কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকারে আসার পর তারা উল্টো পথে যাচ্ছে। রাজনৈতিক কারণে এ ধরনের হুটহাট সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
তার মতে, কোনো সিদ্ধান্তের পেছনে যথাযথ যুক্তি থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংস্কার করা উচিত।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, এর পর দুই বছর পেরিয়ে গেছে। এ সময়ে অন্তর্বর্তী সরকার শেষ হয়ে এখন নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে।
নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন করতে পেরেছে, তা জনগণই বিচার করবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। পরে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।
