আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর ককটেল বিস্ফোরণের ঘটনাকে তারা আমলে নিচ্ছেন না। বুধবার ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল–২। রায় ঘোষণার কিছুক্ষণ পর সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রায়ের পর ককটেল বিস্ফোরণের ঘটনায় ট্রাইব্যুনালে নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে সব সময়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে। তাঁর ভাষ্য অনুযায়ী, বুধবার নিরাপত্তা ব্যবস্থা কিছুটা বেশি দৃশ্যমান মনে হলেও আগে থেকেই সেখানে কড়া নিরাপত্তা ছিল এবং এখনো রয়েছে।
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আমরা আমলে নিচ্ছি না।’
ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
