মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ও সম্মেলন ইনটেক-২৬। এতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান M360 ICT অংশ নিয়েছে।
কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের জন্য দুটি বুথ রাখা হয়েছে। সেখানে বিভিন্ন তথ্য ও উপকরণের মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় গন্তব্য এবং পর্যটন প্রযুক্তির বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে।
বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও সহপাঠীদের নিয়ে বাংলাদেশি বুথ পরিদর্শন করছেন।
প্রদর্শনীর অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মুক্তমঞ্চে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির নানা দিক আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।
মিজ শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দল এ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের পরিবেশনা দর্শকদের প্রশংসা অর্জন করে।
মেলার প্রথম দিন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশসহ বিভিন্ন দেশের বুথ পরিদর্শন করেন। এ সময় তিনি দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন।
এ ছাড়া বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতি এবং এ খাতসংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবাগুলো আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মেলা উদ্বোধনের পর প্রধান অতিথি মিস্টার আকবাল সেতিয়া, ডেপুটি ডিরেক্টর জেনারেল, প্রমোশন্স/হেড অব সেক্রেটারিয়েটসহ সংশ্লিষ্ট অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। তারা প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
ইনটেক-২৬-এ বাংলাদেশসহ মোট ২৫টি দেশ ১৫৫টি বুথে অংশ নিচ্ছে। প্রদর্শনীর মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ ও সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা তুলে ধরার পাশাপাশি এ খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হচ্ছে।
