নিরাপত্তাজনিত কারণে কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের সরিয়ে নেওয়ার বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তর করেছে কুয়েত সরকার। তাদের জন্য হাসাবিয়া এলাকার খাদিজা বিনতে জাবের স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা একাধিকবার আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তাও দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
