বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। কোনো একক রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। তবে দেশের গ্যাস সংকট ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর চেষ্টা করছেন। পূর্বের দেশগুলো—বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
ফ্যাসিবাদী আমলে নারীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীরাও নিপীড়নের শিকার হয়েছেন। তাঁর দাবি, ওই সময়ে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলারও নিন্দা জানান রিজভী। তিনি বলেন, নারীদের ওপর যারা হামলা করে, তারা কাপুরুষ। ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলাকে তিনি ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করেন।
