চীনের বিপক্ষে দাপুটে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছে ফিলিস্তিন। শুক্রবার চংকিং লংজিং স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক চীনকে ৫-০ গোলে হারিয়েছে ‘ফিদাই’রা।
ফিলিস্তিনের হয়ে জোড়া গোল করেছেন ওসাইদ আল-হামলাওয়ি ও ওদাই দাব্বাগ। অন্য গোলটি করেন আহমেদ আল-কাক।
ম্যাচের ১৬ মিনিটে ওদাই দাব্বাগের পাস থেকে বক্সের ভেতর ডান পায়ের শটে গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন আল-হামলাওয়ি। ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।
এর ছয় মিনিট পর আবারও গোল করেন আল-হামলাওয়ি। এবার জেইদ কুনবারের পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন তিনি। এই গোলের ক্ষেত্রেও ভিএআরের সহায়তা নেন রেফারি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান দাব্বাগ। ওমিদ মাহাজনার পাস পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ফিলিস্তিন।
বিরতির পর চীন পাঁচ খেলোয়াড় পরিবর্তন করলেও ম্যাচের চিত্র বদলায়নি। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফিলিস্তিনের ব্যবধান ৪-০ করেন দাব্বাগ।
ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল চীন। তবে ৬৮ ও ৭৯ মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে নেওয়া তাদের দুটি শটই ডান পোস্টে লেগে ফিরে আসে। ওয়াং শাংইউয়ান ও লিউ ইয়াংয়ের নেওয়া শট দুটি গোলের দেখা পায়নি।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফিলিস্তিনের হয়ে পঞ্চম গোলটি করেন আহমেদ আল-কাক। ৮২ মিনিটে দাব্বাগের বদলি হিসেবে মাঠে নামা আল-কাক বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে গোলটি করেন।
ম্যাচে ফিলিস্তিনের খালেদ আল-নাবরিস ৫০ মিনিটে হলুদ কার্ড দেখেন। চীনের গাও চুনইউ ৬৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বিপজ্জনকভাবে ফাউল করে হলুদ কার্ড পান।
এর আগে চীনে একই প্রস্তুতি ক্যাম্পে তাজিকিস্তানকেও ৪-২ গোলে হারিয়েছিল ফিলিস্তিন। সেই ম্যাচেও জোড়া গোল করেছিলেন আল-হামলাওয়ি।
