প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নিতে চীনা রাষ্ট্রদূতের ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত যৌথ উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা।
বিদায়ি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক বিশ্বাস, ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।
