জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারবেন না। ভারতের সঙ্গে কোনো ধরনের আপস করে সফর করা হলে জনগণ ধরে নেবে, তারেক রহমান খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি অনুসরণ করছেন না।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে তেল-গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপি আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, প্রেস কনফারেন্স করে তিনি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত না করে প্রধানমন্ত্রীর ভারত সফর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, তেল-গ্যাসের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ-সদস্য ও দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের অন্য নেতারা বক্তব্য দেন।
