সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মালিকানাধীন জলসিঁড়ি আবাসন প্রকল্পের একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে সম্পদ ও মালামালের তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল ভবনটিতে প্রবেশ করে ইনভেন্টরি কার্যক্রম শুরু করে।
দুদক সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা হচ্ছে। ভবনের প্রতিটি তলায় থাকা মালামালের পৃথক তালিকা প্রস্তুত করা হবে।
কর্মকর্তারা জানান, ইনভেন্টরি কার্যক্রম শেষ হওয়ার পর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। এরপর আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আদালতের আদেশ অনুসরণ করে সম্পদের প্রকৃতি, পরিমাণ ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। তালিকা প্রস্তুত সম্পন্ন হলে সংশ্লিষ্ট সব তথ্য আদালতের কাছে উপস্থাপন করা হবে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্পদের তালিকা প্রস্তুতের এই কার্যক্রম চলমান অনুসন্ধান ও আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
