পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবিতে বাংলাদেশের সমর্থন ও আহ্বান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য বৈশ্বিক জোট’-এর উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বক্তব্য দেওয়ার সময় শামা ওবায়েদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব কার্যকর ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানা এবং স্পষ্ট জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।
গাজায় যেকোনো ধরনের জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনসংখ্যার গঠনগত পরিবর্তন রোধের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ ছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অবিলম্বে বন্ধ এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় নিয়োজিত সংস্থা ইউএনআরডব্লিউএ-এর আইনি সুরক্ষা ও নিরবচ্ছিন্ন অর্থায়ন নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সদস্য দেশের মন্ত্রী, প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংকটে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
