জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে রাজনৈতিক বিবেচনার অভিযোগ তুলে বিএনপির কড়া সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর দাবি, যেসব ব্যক্তি নির্বাচনে জনগণের সমর্থন পাননি বা দলীয় মনোনয়ন পাননি, তাদেরই বিভিন্ন জেলার প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।
অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেন, “এই ভরা জোয়ারে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা ফেল করেছে, যাদের জনগণ ভোট দেয় নাই, ন্যূনতম কোনো জনপ্রিয়তা যাদের নাই, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি।”
রুমিন ফারহানা আরও বলেন, “আজকে আলোচনায় এসেছে যে ‘পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই’। ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছে এই সরকার।”
তিনি দাবি করেন, বিভিন্ন জেলায় এমন ব্যক্তিদের প্রশাসনের শীর্ষ দায়িত্বে বসানো হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, জনগণের সমর্থন পাননি কিংবা দলীয় মনোনয়নও লাভ করতে পারেননি। তাঁর ভাষায়, এসব ব্যক্তিকে জেলার প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
টকশোতে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও জনসমর্থনকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
