ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিক এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তাঁর কৃত্রিম অক্সিজেনও বন্ধ করে দেওয়া হয়েছে।চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি
শুক্রবার রাতে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরে। এরপর থেকে তাঁকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়নি।
শুক্রবার সন্ধ্যায় সজীব তানভীরসহ এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈম তাঁর সঙ্গে কথা বলেন।
চিকিৎসকদের বরাত দিয়ে সজীব তানভীর জানান, মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে শনিবার সকালে তাঁকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হতে পারে। দ্রুত সুস্থ হয়ে উঠলে শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফেরার আশাও প্রকাশ করেন তিনি।
এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর বন্ধুরা দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
