দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে জ্বালানি ও অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও কাতার। দুই দেশের মধ্যে এসব খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং নতুন সম্ভাবনা কাজে লাগাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দোহায় অনুষ্ঠিত দুই উচ্চপর্যায়ের পৃথক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় পাওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বৈঠক দুটিতে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় জ্বালানি ও অর্থ খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়টি। আলোচনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং দুই দেশের জন্য লাভজনক সহযোগিতা এগিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের জ্বালানিমন্ত্রী ও অর্থমন্ত্রীকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ড. খলিলুর রহমান বর্তমানে দুই দিনের সরকারি সফরে দোহায় রয়েছেন। তিনি উচ্চপর্যায়ের একটি বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র: বাসস
