দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে ভবিষ্যতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ব্যবসার পরিবেশ সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর, বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সেবা চালু এবং দেশীয় উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মাহদী আমিন।
তিনি বলেন, সরকারের পররাষ্ট্রনীতির মূলনীতি ‘সবার আগে বাংলাদেশ’। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চায় সরকার। ভারতকে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দেশটির কাছ থেকে পূর্ণ সহযোগিতার প্রত্যাশার কথাও জানান তিনি।
মাহদী আমিন জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ এ বিষয়ে জটিলতার অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে।
শ্রমবাজার চালু হলে পরবর্তী চার মাসে এক লাখের বেশি বাংলাদেশি কর্মীর মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর রমজান ও দুটি ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা সরকারের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে রয়েছে।
তবে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া জ্বালানি সংকট অল্প সময়ে পুরোপুরি সমাধান করা কঠিন বলে মন্তব্য করেন তিনি। এ সংকট মোকাবিলায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মালয়েশিয়ার পেট্রোনাস এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিকল্প উৎস থেকে তুলনামূলক কম দামে গ্যাস ও জ্বালানি সংগ্রহের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মাহদী আমিন।
