ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। আর অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন।
এবারের উপনির্বাচনেও ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন ইসি সচিব। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের জন্য বিদেশ থেকে ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে নিবন্ধিত হয়েছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে।
এ ছাড়া ‘ইন কান্ট্রি পোস্টাল ভোটিং’-এ নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য থাকেন না। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়।
অন্যদিকে, সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন এবং বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।
