বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার (১০ আগস্ট) এ আয়োজন করা হয় বলে তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে তাঁকে বরিশালের স্থানীয় ঐতিহ্য ও খাবারের সঙ্গে পরিচিত করে তুলতে নানা ধরনের দেশীয় পদ দিয়ে আপ্যায়ন করা হয়।
মধ্যাহ্নভোজের আয়োজনে বরিশালের ঐতিহ্যবাহী খাবারের প্রাধান্য ছিল। মেনুতে ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি বিভিন্ন ভর্তা, ভাজি ও গ্রামবাংলার দেশীয় খাবার রাখা হয়।
মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর পরিচিত শচীন ঘোষের রসমালাই, দধিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী মিষ্টি।
তথ্যমন্ত্রীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ আয়োজনের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূতের সামনে বরিশালের স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, মানুষ ও খাবারের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।
স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং বরিশালের আতিথেয়তার কারণে মধ্যাহ্নভোজটি রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে ওঠে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
