জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে।
দুই দেশের সরকারপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়টিও বৈঠকে উঠে আসে।
