বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আবারও শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল থেকে সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ শুরু হয়। প্রায় তিন সপ্তাহ পর পরীক্ষাকেন্দ্রে ফিরেছেন বোর্ডটির অধীন প্রায় এক লাখ পরীক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত সংশোধিত রুটিন অনুযায়ী, সোমবার সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিন বিকেলে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষাও নেওয়া হচ্ছে।
এদিকে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষায় অংশ নিচ্ছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৬ জুলাই বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের বাকি পরীক্ষাগুলোও স্থগিত করা হয়।
পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী বর্তমানে নিয়মিত কার্যকর রুটিন অনুসারে পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে স্থগিতাদেশের আগে যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে একই সময়ে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা কার্যক্রম চলমান ছিল।
চলতি বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৮৮। তারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর সারা দেশে এ পরীক্ষা আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্র।
