বাংলাদেশ সফররত তুরস্কের নারী প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত মতবিনিময় সভায় তুরস্কের প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।
তিনি জামায়াতে ইসলামীর নারী বিভাগের বিভিন্ন কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে এ ধরনের মতবিনিময়ের গুরুত্বের কথা বলেন।
ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।
এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত দেন।
একই দিন বিকেলে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত তুরস্কের প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।
এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।
