বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি দলীয় শৃঙ্খলা ও সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ৫ আগস্টের পর থেকে দলের অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
সোমবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতৃত্ব কঠোর অবস্থানে রয়েছে।
রিজভী বলেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকারের প্রতিটি স্তর ও কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থ ও মানবকল্যাণের বাইরে বিএনপি কোনো কর্মকাণ্ড করবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত কর্মসূচিগুলো জনগণের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে বলে জানান রিজভী। এসব কর্মসূচি বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, এসব নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। স্থানীয় পর্যায়ে যোগ্য প্রার্থী বাছাই করে তাঁদের সমর্থন দেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নানা ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও বিএনপি ও সরকারের প্রতি জনগণের আস্থা এবং জনপ্রিয়তা এখনো অত্যন্ত উঁচুতে রয়েছে। সরকার জনগণের কল্যাণে কাজ করে গেলে তা সফল ও গ্রহণযোগ্য সরকার হিসেবে অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী একই সঙ্গে নেতা-কর্মীসহ সবাইকে সুশৃঙ্খল ও গঠনমূলক রাজনীতিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
