দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। এ কাজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’ এ দেশে কেউ সংখ্যালঘু নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশি।’
