দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উন্নয়ন, মান যাচাই ও উৎপাদনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উদ্ভাবকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জামগুলো ব্যবহার উপযোগী করে বাজারজাত করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।
সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল একটি ভেন্টিলেটর এবং একটি হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হলে এসব যন্ত্র দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হবে। দেশেই উৎপাদিত হওয়ায় তুলনামূলক কম খরচে এগুলো বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবার ব্যয় কমাতে সহায়ক হবে।
বিশেষজ্ঞদের মতে, গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী সরঞ্জাম। এর নিরাপত্তা, কার্যকারিতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি বিদ্যুৎ সংযোগ ছাড়াই পরিচালনা করা সম্ভব। ফলে বিদ্যুৎবিহীন বা দুর্গম এলাকায় এবং জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের সময়ও এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে। সংশ্লিষ্টদের ধারণা, এই দুই যন্ত্রের সফল উৎপাদন শুরু হলে বিদেশি প্রযুক্তিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
