দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে এগিয়ে নেওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুবসমাজকে পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নিতে হবে এবং কীভাবে দেশকে গড়ে তোলা যায়, সে দায়িত্বও তাদের নিজেদের কাঁধে নিতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ওই সময় তরুণ সমাজ তাদের পরিবর্তনের সক্ষমতা সারা বিশ্বকে দেখিয়েছে। এবার দেশ পুনর্গঠনের কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস দেশজুড়ে সর্বোচ্চ তৎপরতা চালানোর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু শতভাগ নির্মূল করা হয়তো সম্ভব নয়, তবে সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ জন্য প্রতি সপ্তাহে নাগরিকদের অন্তত এক ঘণ্টা করে নিজেদের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলাকে আগামী দিনের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
ডেঙ্গুর সম্ভাব্য সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের যুক্ত করে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা (ডিসি) কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে মাঠপর্যায়ের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য দেন।
