নবনিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে সরকার যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালন করতে হবে। আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার সময় আইন ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষতা, সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করাই আইন কর্মকর্তাদের প্রধান কর্তব্য।
মতবিনিময় শেষে রুহুল কুদ্দুস কাজল নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।
নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। জনগণের আস্থা ধরে রাখতে আইন কর্মকর্তাদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
