জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সফরের চূড়ান্ত তারিখ ও কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ওই বৈঠকেই তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বিষয়টি জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করতে পারেন।
তবে প্রধানমন্ত্রীর সফরের তারিখ এবং বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
