জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়েছে।
বুধবার বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় বিরোধী পক্ষের সমালোচনায় শালীন ও গঠনমূলক ভাষা ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সলিম উল্লাহ সেলিম। পাশাপাশি নেতাকর্মীদের জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।
