ভারতে অবস্থানরত পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা একটি চলমান প্রক্রিয়া। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচলিত আইন ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে চিঠিপত্র দেওয়া-নেওয়াও অব্যাহত রয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রায়টি সদ্য হওয়ায় আদালতের আনুষ্ঠানিক সব কাগজপত্র হাতে পাওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।
তিনি জানান, আসামিদের দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে আগে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ চলছে।
তিনি জানান, ভারত সরকারের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় কর্তৃপক্ষের দিক থেকেও একটি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বাংলাদেশ জানতে পেরেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
