সূত্র: The Dawn
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতা টেনে দেওয়া বক্তব্যকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও)। ইসলামাবাদের দাবি, এমন অভিযোগ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্যে চালানো ‘বিদ্বেষপূর্ণ প্রচারণার’ অংশ।
সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতে সাম্প্রতিক কিছু গ্রেপ্তারের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র তৈরির যে চেষ্টা করা হয়েছে, তা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।
এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ভারত সরকার একটি সন্ত্রাসী সংগঠনকে ‘ধ্বংস’ করেছে এবং সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সংগঠন পাকিস্তানের সমর্থন পেয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
যদিও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে অমিত শাহের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাঁর বক্তব্যের পরই বিবৃতিটি দেওয়া হয়।
এফও বলেছে, পাকিস্তানের বিরুদ্ধে এমন অভিযোগ ভারতের ‘বিদ্বেষপূর্ণ প্রচারণার’ আরেকটি উদাহরণ। তাদের ভাষ্য, অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ থেকে জনগণের দৃষ্টি সরানো এবং সীমিত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ভারত পাকিস্তানকে দায়ী করার চেষ্টা করছে।
বিবৃতিতে ভারতকে অভ্যন্তরীণভাবে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন এবং ভিন্নমত দমনের অভিযোগও করা হয়। একই সঙ্গে পাকিস্তান অভিযোগ করে, ভারত বিদেশেও সন্ত্রাস ও অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরও দাবি করেছে, ভারতের ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড এবং বিদেশের মাটিতে নাশকতামূলক কর্মকাণ্ডের’ বিষয়টি আন্তর্জাতিক মহলের নজর এড়ানো যাবে না।
এ প্রসঙ্গে পাকিস্তান কুলভূষণ যাদবের মামলার কথা উল্লেখ করে দাবি করেছে, পাকিস্তানে সন্ত্রাস ও অস্থিতিশীল কর্মকাণ্ডে ভারতের সম্পৃক্ততার প্রমাণ তারা একাধিকবার আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরেছে।
বিবৃতির শেষাংশে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের ‘ভিত্তিহীন’ অভিযোগ প্রত্যাখ্যান করার আহ্বান জানায়। পাশাপাশি অঞ্চলটিতে ভারতের কথিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।
