প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ জানায়, ২০০৮ সালে করা একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই বিদিশা সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
