বিদায়ি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দীর্ঘ কর্মজীবনের অবদান ও সাফল্যের প্রশংসা করেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের ক্ষেত্রে বিদায়ি নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সংকটময় সময়ে নৌবাহিনী প্রধান হিসেবে অ্যাডমিরাল নাজমুল হাসান দেশ ও জনগণের কল্যাণে যে পদক্ষেপ নিয়েছেন, তা সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ ছিল। তিনি অস্থিতিশীল পরিস্থিতিতেও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাতের একপর্যায়ে প্রধানমন্ত্রী বিদায়ি নৌবাহিনী প্রধান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অন্যদিকে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা, সহযোগিতা এবং সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানও ভবিষ্যতে প্রধানমন্ত্রীর একই ধরনের সহযোগিতা ও সমর্থন পাবেন।
সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে দেশের প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
