পরিকল্পিত ও নিরাপদ আবাসন গড়ার ওপর গুরুত্ব রিহ্যাব প্রেসিডেন্টের
রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি বিজ্ঞানী ও রিহ্যাবের প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. আলী আফজাল পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ আবাসন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলা স্যাটেলাইট সিটির উদ্যোগের প্রশংসা করে এটিকে সম্ভাবনাময় ও সময়োপযোগী আবাসন প্রকল্প হিসেবে উল্লেখ করেন।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত আবাসনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী ও নিরাপদ আশ্রয় তৈরিতেও এ ধরনের প্রকল্প ভূমিকা রাখতে পারে। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন চাহিদার বিবেচনায় পরিকল্পিত স্যাটেলাইট সিটি গড়ে তোলা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটির পরিকল্পনা, অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় এর অগ্রযাত্রা ভালো হবে। প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে রিহ্যাবের সদস্যপদ অর্জনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার আশ্বাসও দেন তিনি।
উদ্বোধনী আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রকাশক ও সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তি, প্রকল্পের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, দৈনিক বিজনেস ফাইলের সম্পাদক ও প্রকাশক অভি চৌধুরী, খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, কাস্টার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হাসান রাজু, সাবেক ফুটবলার মো. মেজবাহ উদ্দিন মেজু, সুবেহ সাদিক মডেল মাদরাসার চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের চেয়ারম্যান মোস্তফা জামান এবং সাগরকন্যা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।
এ ছাড়া বেনটেক লিমিটেডের চেয়ারম্যান ড. আ.ই.ম অধ্যাপক মাওলানা নেছার উদ্দিন, আইপিডিআরের নির্বাহী পরিচালক তৌফিক হাসান, জামান গ্রুপের জিএম মো. জিল্লুর রহমান, দারুল উলুম আল কুরানিয়া মাদরাসার পরিচালক আব্দুল আলিম, আকিজ ফাউন্ডেশন মাদরাসা অ্যান্ড স্কুলের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জনতা ব্যাংকের জিএম ও বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠশিল্পী ফেরদৌসী বেগম এবং জনতা ব্যাংকের সাবেক এজিএম মো. কবির হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি নিবন্ধন ও অভ্যর্থনা, পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বাংলা স্যাটেলাইট সিটির পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা কারী খন্দকার শহীদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির উদ্বোধনী অফারের আওতাভুক্ত সদস্যদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট, দলিল হস্তান্তর ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রকল্পের পাঁচজন টপ অ্যাচিভারকে দেওয়া হয় বিশেষ সেলিব্রিটি পদক।
পদকপ্রাপ্তরা হলেন মোহাম্মদ একরাম হোসেন, বিপ্লব সরকার, রাবিয়া সুলতানা সাথী, রফিকুল ইসলাম রতন ও আব্দুর রাজ্জাক।
বাংলা স্যাটেলাইট সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত নগরায়নের মাধ্যমে মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই প্রকল্পটির মূল লক্ষ্য।
তিনি প্রকল্পের সদস্য, অতিথি, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
পরে সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
